২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬-এর হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার খেলার সময় আকস্মিক পরিবর্তন করা হয়েছে। আগামী সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও, বৈরী আবহাওয়ার আশঙ্কায় তা এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ম্যাচটি এখন নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা আগে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১টায় (ব্রিটিশ সময় সন্ধ্যা ৭টা) অনুষ্ঠিত হবে।
ফিফা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেক্সিকোর ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকা স্টেডিয়াম এলাকায় একটি শক্তিশালী ক্রান্তীয় ঝড়ের (Tropical Storm) পূর্বাভাস রয়েছে। আবহাওয়া রিপোর্টে বজ্রপাতসহ ভারী বর্ষণের সতর্কতা জারি করায় খেলোয়াড় এবং গ্যালারিতে থাকা দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এই আগাম সিদ্ধান্ত নিয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ তাৎক্ষণিকভাবে স্থগিত করতে হয়। সেক্ষেত্রে খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নেওয়া হয় এবং পরবর্তী প্রতিটি বজ্রপাতের জন্য খেলা শুরুর কাউন্টডাউন আরও ৩০ মিনিট করে পিছিয়ে যায়। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই আবহাওয়া জটিলতার কারণে ফ্রান্স-ইরাক ম্যাচ দুই ঘণ্টা এবং মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। আজতেকা স্টেডিয়ামে যেন তেমন কোনো দীর্ঘসূত্রতার সৃষ্টি না হয়, সেজন্যই ম্যাচটি ঝড়ের সময়ের আগেই মাঠে গড়াবে।
এই সময় পরিবর্তনের ফলে মেক্সিকোর স্থানীয় দর্শকদের টিকিট বা সূচি মেলাতে কিছুটা বেগ পেতে হলেও, হাফ ছেড়ে বেঁচেছেন ব্রিটিশ সমর্থকরা। এর আগে ম্যাচটি ব্রিটিশ সময় রাত ১টায় থাকায় পাবগুলো ভোর ৫টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচটি এখন লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হওয়ায় কোটি কোটি ইংলিশ সমর্থক মাঝরাতের ধকল ছাড়াই প্রাইম-টাইমে থমাস টুখেলের শিষ্যদের খেলা উপভোগ করতে পারবেন।
সূত্রঃ দ্যা সান
বিডি প্রতিদিন/আশিক