বনজঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে দিনাজপুর শহরের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি দলছুট মুখপোড়া হনুমান। তাকে দেখে কেউ ভয় পাচ্ছেন, আবার অনেক কৌতূহলী শিশু-কিশোর ঢিল ছুঁড়লে আতঙ্কে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটে যাচ্ছে প্রাণীটি। কোথাও স্থিরভাবে অবস্থান না করে কখনো বাঁশঝাড়ে, কখনো টিনের চালে, আবার কখনো গাছের ডালে বা বাসাবাড়ির আঙিনায় ঘোরাফেরা করছে হনুমানটি।
ক্ষুধার্ত হনুমানটিকে দেখে অনেকেই খাবার দিচ্ছেন। কেউ পাউরুটি, কেউ কলা, গাজর, আলু কিংবা বিভিন্ন ফল তুলে দিচ্ছেন তার দিকে। ভয়ে ভয়ে হলেও খাবার গ্রহণ করছে প্রাণীটি। অনেকে তার জন্য পানির ব্যবস্থাও করছেন। মুখপোড়া হনুমানটিকে এক নজর দেখতে বিভিন্ন এলাকায় ভিড় করছেন উৎসুক মানুষ।
গতকাল দিনাজপুর পৌরশহরের মিশনরোড এলাকায় বন বিভাগের অফিসসংলগ্ন স্থানে হনুমানটিকে দেখা যায়। সেখানে বন বিভাগের লিচুগাছের লিচুও খেতে দেখা গেছে হনুমানটিকে। পরে বন বিভাগের এক গার্ড তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। এ সময় স্থানীয় রাকিব হোসেন, আমজাদ আলীসহ অনেকে বিস্কুট, কলা ও বিভিন্ন ফল দেন হনুমানটিকে।
বন বিভাগের বিট কর্মকর্তা মহসিন আলী বলেন, ‘হনুমানটি কোনো এক জায়গায় স্থির থাকে না। তাই সেটিকে ধরা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।’