মানিকগঞ্জ উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর ভাগিনা রিপন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় রিপন মিয়াকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাথী আক্তার কাটিগ্রাম এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। আটক রিপন মিয়া (১৯) একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং নিহতের স্বামীর ভাগিনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বাড়ির ভেতরে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথীর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মারা যান সাথী আক্তার।
ঘটনার পর রিপন মিয়া নিহতের মরদেহের পাশেই ধারালো অস্ত্র হাতে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ রিপন মিয়াকে আটক করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন গণমাধ্যমকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রিপন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম