কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার দুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের স্বজনরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা গ্রামের শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, দুপুর ১২টার পর উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ সময় সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন মজিবর রহমানের ছেলে সাবু মিয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, দুজনের মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/এমএল