মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সফরত আলী সপু এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এ সিদ্ধান্ত দেন। যাচাইয়ের সময় দাখিল করা মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষর ও তালিকাভুক্ত তথ্যের মধ্যে অসামঞ্জস্য পাওয়া যায় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
একইসঙ্গে যাচাই-বাছাইয়ে মুন্সীগঞ্জ-১ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দিন রাজী, কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান এবং বিপ্লব ইনসানিয়াত বাংলাদেশের প্রার্থী রোকেয়া আক্তার।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সুযোগ রয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ-২ (টংগীবাড়ী ও লৌহজং) আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল