রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত প্রার্থী জেলা কমিটির আহ্বায়ক আল মামুন। তিনি পেশায় ব্যবসায়ী এবং শিক্ষাগত যোগ্যতায় বিএসসি পাস।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ অর্থ রয়েছে ৪৩ হাজার ৭১ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১৭ লাখ ২৯ হাজার ৪৬৬ টাকা। তার মালিকানায় দুটি বাস-ট্রাক ও মোটরযান রয়েছে, যার মূল্য ২২ লাখ ৬০ হাজার টাকা।
স্বর্ণ ও অন্যান্য ধাতু রয়েছে ৪ লাখ টাকার। ব্যবসায় বিনিয়োগ রয়েছে ২৬ লাখ ৬৪ হাজার টাকা। ইলেকট্রনিক পণ্যের মূল্য ৪ লাখ টাকা এবং আসবাবপত্রের মূল্য ৪ লাখ টাকা।
পৈতৃক সূত্রে তিনি এক একর জমির মালিক। এ ছাড়া তার নামে আরও ২৫ শতক জমি রয়েছে, যার মূল্য সাড়ে ৫ লাখ টাকা। অকৃষিজমি রয়েছে ৩২ শতক, যার অর্জনকালীন মূল্য ৬৭ লাখ টাকা।
এর আগে তিনি কখনো সংসদ সদস্য নির্বাচিত হননি। এবারই তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। একটি আগ্নেয়াস্ত্রের জন্য তিনি আবেদন করেছেন। তার আয়কর পরিশোধ করা রয়েছে।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, পেশায় ব্যবসায়ী হলেও তিনি শিক্ষকতা, চিকিৎসা ও আইন পরামর্শ কার্যক্রমের সঙ্গেও যুক্ত। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানের জনক।
বিডিপ্রতিদিন/কবিরুল