মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের প্রথম দিনে গতকাল বিভিন্ন স্থানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুর : রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) আসনে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম-২ আসনের ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাইবাছাই করে ত্রুটিপূণ হওয়ায় জাতীয় পার্টি প্রার্থী (এরশাদ) সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
রাজশাহী : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে প্রার্থী হতে যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন করেছেন ব্যারিস্টার রেজাউল করিম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রও দাখিল করেছেন। তার জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তিনি স্বাক্ষর দেননি, এমনকি নির্ধারিত ছকে টিপসইও নেই। তবে তিনি একা নন, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৩৮ প্রার্থীর মধ্যে পাঁচজন হলফনামায় স্বাক্ষর কিংবা টিপসই দেননি। এ ছাড়া আরও যে চার প্রার্থী হলফনামায় স্বাক্ষর কিংবা টিপসই দেননি, তারা হলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আমজনতার দল মনোনীত প্রার্থী সাঈদ পারভেজ, একই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুর রহমান, রাজশাহী-৪ (বাগমারা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তাজুল ইসলাম খান ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত প্রার্থী আলতাফ হোসেন মোল্লা।
শরীয়তপুর : শরীয়তপুর-১ (পালং-জাজিরা) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে তথ্যের গরমিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোশাররফ হোসেন মাসুদ, এনসিপি মনোনীত প্রার্থী আবদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. তোফায়েল আহমেদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জালালুদ্দিন আহমদ এবং গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া এবং দুই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম রাসেল ও মোহাম্মদ গোলাম মোস্তফার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ-১ সংসদীয় আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলী।