মাদারীপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন। তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ ও মো. রেয়াজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে যাচাই-বাছাই শেষে মাদারীপুর-২ আসনে মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মোহাম্মদ দিদার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ও শহিদুল ইসলাম খান।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল