খাগড়াছড়ি ২৯৮ নং আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত এ ঘোষণা দেন।
এতে খাগড়াছড়ি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অধিকাংশ প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে মোট ১৫টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তারমধ্যে যাচাই-বাছাই শেষে ৭টি মনোনয়ন বৈধ এবং ৮টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত।
মনোনয়নপত্র দাখিলে বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফা সহ মোট ৮টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
২৯৮ নং খাগড়াছড়ি আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন—বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এয়াকুব আলী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর মো. নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশোপ্রু মারমা।
বিডি-প্রতিদিন/জামশেদ