ঝালকাঠির দুই সংসদীয় আসন ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২–এ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন, ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন এবং ৪ জনের মনোনয়নপত্র স্থগিত রেখেছেন।
ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালসহ ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটার তালিকার সঠিকতা না থাকায় চারজন স্বতন্ত্র প্রার্থী ও গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হক ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুবেল হাওলাদারের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে, ঝালকাঠি-২ আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিমসহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির এম এ কুদ্দুস খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এক শতাংশ ভোটার তালিকার সঠিকতা না থাকায় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর ও জেএসডির প্রার্থী মাসুদ পারভেজের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ