নড়াইলের দুটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত এবং ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন। এ সময় প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নড়াইল-১ আসনে দাখিলকৃত কাগজপত্র যথাযথ থাকায় বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে বলে জানানো হয়। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজসহ মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সর্দার এবং মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সুযোগ থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল