চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে ১৬ প্রার্থীর মধ্যে কাগজপত্রে ত্রুটি থাকায় তিন জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে: চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেনের হলফনামা ও আয়কর নথির তথ্যে মিল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চুর মনোনয়পত্র বাতিল করা হয়েছে দ্বৈত নাগরিকত্বর তথ্য হলফনামায় উল্লেখ না করায়।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ঋণ খেলাপী ও মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী ফজলুর রহমান খাঁন-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী আছেন, বিএনপির প্রার্থী মো. শাহজাহান মিঞা, জামায়াতের মাওলানা কেরামত আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ও ইসলামী ফ্রন্টের মো. শামসুল হোদা।
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের প্রার্থী আছেন, বিএনপির মো. আমিনুল ইসলাম, জামায়াতের মু. মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী আছেন, বিএনপির মো. হারুনুর রশিদ হারুন, জামায়াতের নূরুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম ও গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম।
বিডি-প্রতিদিন/এমই