হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে দাখিল করা ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নানা অসঙ্গতির কারণে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে পর্যায়ক্রমে চারটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন
এ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। স্ট্যাম্পে হলফনামা দাখিল না করা এবং স্বাক্ষর না থাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী কাজী তোফায়েল আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন
এ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দাখিলকৃত এক শতাংশ ভোটার তালিকা অসম্পূর্ণ থাকায় স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাসদ মনোনীত প্রার্থী লুকমান আহমদ তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়। অসম্পূর্ণ আবেদন, অঙ্গীকারনামায় স্বাক্ষী না থাকা এবং দলীয় অঙ্গীকারনামা দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নোমান আহমদ সাদীকের মনোনয়নপত্রও বাতিল করা হয়।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসন
এ আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ত্রুটিপূর্ণ আবেদন, যথাযথ স্বাক্ষরের অভাব, তথ্যে গরমিল এবং ট্যাক্স রিটার্ন দাখিল না করায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. শাহিনুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন
এ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নে গরমিল থাকায় বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী শাহ মো. আল আমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকা, প্রস্তাবকারীর তথ্য অসম্পূর্ণ এবং ব্যাংক হিসাবের প্রমাণ না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এক শতাংশ ভোটার তালিকায় গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী, হলফনামায় স্বাক্ষর না থাকা ও দলীয় মনোনয়নে চেয়ারম্যানের স্বাক্ষরে অসঙ্গতির কারণে আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনীত প্রার্থী মোকাম্মেল হোসেন এবং এক শতাংশ ভোটার তালিকায় গরমিল ও ব্যাংক হিসাব না থাকায় স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা রিটার্নিং অফিসার জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।
বিডি প্রতিদিন/হিমেল