পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল ও ২ জনের মনোনয়নপত্র স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। তিন আসনে মোট ১৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ্য ঘোষণা করা হয়েছে।
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ঋণখেলাপী থাকায় এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের এক শতাংশ ভোটার তথ্যে গড়মিলের কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া পিরোজপুর- ৩ আসনে সাত জন প্রার্থীর মধ্যে চার জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামান এর সরবরাহকৃত সমর্থক ভোটারদের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এছাড়া জামায়াত মনোনীত প্রার্থী জলিল শরীফ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাশরেকুল আজম রবির মনোনয়নপত্রে কাগজপত্রে ঘাটতি থাকায় তা স্থগিত রাখা হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ সাপেক্ষে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
তবে পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর দুইজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর, জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদীসহ আরও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত