আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ সংসদীয় আসনে দাখিল করা ১০টি মনোনয়নপত্রের মধ্যে তিনটি বাতিল ঘোষণা করা হয়েছে। বাকি সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ এবং দুই স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ও গোলাম শাব্বির আলী।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির মো. নাজিম উদ্দিন, ইসলামী আন্দোলনের আলমগীর হোসাইন, বাসদের আশিকুল ইসলাম পিয়াল, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক ও আমার বাংলাদেশ পার্টির মো. কৌশিক আহমেদ।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাইয়ের সময় আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা না থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
গাজীপুর-৩ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৩৫৯ জন। আগামী নির্বাচনে এই ভোটাররাই তাদের জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডি-প্রতিদিন/এমই