গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি),গণঅধিকার পরিষদসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুযারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত দেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, আজ গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে ৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৪ জনসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
বিভিন্ন কাগজপত্রে ত্রুটি ও সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় এদিন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জনতার দলের মনজুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান ও এস এম খাদেমুল ইসলাম খুদির মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১০ জন প্রার্থী।
এদিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে সতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দের প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া বাকি ৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।অন্যদিকে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের (জিওপি) সামিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ ও সুজাউদ্দৌলা সাজুর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সাতজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/কামাল