ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে প্রচারণা চালিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিনজিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন তিনি। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগ নিপুন রায় বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। ভোটারদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়েই একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। ভোটকেন্দ্র পাহারা দিয়ে নৈরাজ্য প্রতিরোধ করতে হবে, যাতে স্বাধীনতাবিরোধী কোনো শক্তি ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে।
এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল