মাটির ব্যাংক ভেঙে নির্বাচনি তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন বরিশাল-৫ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী।
শুক্রবার নগরীর ফকিরবাড়ি রোডে বাসদ জেলা কার্যালয়ে মাটির ব্যাংক ভেঙে তহবিল সংগ্রহের এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে ডা. মনিষা বলেন, ‘নির্বাচন বর্তমানে ব্যবসায় পরিণত হয়েছে। পুঁজিপতিরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে নির্বাচিত হন এবং পরে ১০ গুণ টাকা লুটপাট করেন। আমরা এই বৃত্ত ভাঙতে চাই। আমরা কোনো বড় ব্যবসায়ীর টাকায় নয়, বরং সাধারণ মানুষের ২-৫ টাকার ঘাম ঝরানো অর্থে নির্বাচন করতে চাই। এতে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা বজায় থাকে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনি খরচ জোগাতে মাসখানেক আগে নগরীর বিভিন্ন রিকশা গ্যারেজ, ক্ষুদ্র দোকান, হোটেল ও সাধারণ মানুষের বাসাবাড়িতে কয়েকশ মাটির ব্যাংক বিতরণ করা হয়েছিল। খেটে খাওয়া মানুষ তাদের প্রতিদিনের সঞ্চয় থেকে এই ব্যাংকে জমা করেছেন। আনুষ্ঠানিকভাবে সেই ব্যাংকগুলো সংগ্রহ ও খোলা শুরু হয়েছে।
মনিষা চক্রবর্ত্তী জানান, প্রথম দিনে ১০টি ব্যাংক ভাঙা হয়েছে। সেখান থেকে ১০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো ৯০টি ব্যাংক ভেঙে অর্থ সংগ্রহ করা হবে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, মাটির ব্যাংকের পাশাপাশি বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও অনুদান গ্রহণ করা হচ্ছে। দলের কর্মীরা কোনো পারিশ্রমিক ছাড়াই নির্বাচনি প্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে বাসদ বরিশাল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের স্লোগান দেওয়া হয়েছে— ‘জনগণের টাকায় নির্বাচন করবেন জনগণের প্রার্থী’।
বিডি-প্রতিদিন/এমই