আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় প্রচার ও গণসংযোগ চালাচ্ছে বিএনপি। শুক্রবার রাত পর্যন্ত চলা এই কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে পথসভা গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
মজলিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তিনি মজলিশপুর বড় বাকাইল আনন্দপুর গুদারাঘাট আমিরপাড়া মৈন্দ মৈন্দ পূর্ব দারমা সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সভাপতি এ বি এম মমিনুল হক, এডভোকেট আনিসুল হক মঞ্চ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীম মোহাম্মদ আরিফ, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ দলীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আওয়ামী লীগের মতো ভোট ছাপানো নির্বাচন বিএনপি চায় না। যারা ভোট জালিয়াতির সঙ্গে জড়াবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন।
তিনি আরও বলেন, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি দল ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে। ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন প্রচার ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক।
ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এসব কার্ডের অন্তর্ভুক্ত পরিবারগুলোকে আড়াই হাজার টাকার মূল্যের মালামাল দিয়ে সহায়তা করা হবে।
বিডি প্রতিদিন/আশিক