আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী রোকেয়া আক্তার।
রবিবার দুপুর ১২টায় সিরাজদিখান খাসমহল বালুচর গ্রামে তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘না ভোট’ দেওয়ার আহ্বান জানান।
রোকেয়া আক্তার বলেন, ‘একক গোষ্ঠিবাদী স্বৈররাজনীতির খুন-জুলুম থেকে মানুষের জীবন, সবার ধর্ম ও রাষ্ট্র রক্ষায় মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের নির্বাচনি ইশতেহারের মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র, অর্থনীতি ও মানবাধিকারের বর্তমান সংকট মূলত রাজনৈতিক সংকটের ফল।’ তার দাবি, একক ধর্মের নামে উগ্রবাদী ও জঙ্গিবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠিবাদী স্বৈররাজনীতি দেশের সামগ্রিক সংকটের জন্য দায়ী।
রোকেয়া আক্তার বলেন, ‘একক গোষ্ঠিবাদী স্বৈররাষ্ট্রব্যবস্থা মানেই ক্ষমতাসীনদের বাইরে সবার জীবন, অধিকার ও স্বাধীনতা রুদ্ধ করা। সব ধর্ম, মত ও পথের মানুষের সমান নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে অসাম্প্রদায়িক, উন্নত, আধুনিক ও শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ইনসানিয়াত বিপ্লব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ গুলশান থানা সদস্য সচিব হুসনে মোবারক, মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব শাকিলা ইসলাম, কেন্দ্রীয় স্টুডেন্ট ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হক, সহ-প্রচার সম্পাদক শর্না আক্তারসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা।
বিডি-প্রতিদিন/এমই