নির্বাচনি প্রচারের শেষ প্রান্তে এসে ব্যস্ত সময় পার করছেন বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীরা। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৩ প্রার্থী নিজ নিজ এলাকায় মিছিল, পথসভা ও সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন।
রবিবার দিনভর তাদের সঙ্গে মাঠে সক্রিয় ছিলেন দলীয় নেতাকর্মীরাও।
বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল মোল্লাহাট এলাকায় গণসংযোগ করেন। একই আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম চিতলমারীতে এবং আরেক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা চিতলমারীতেই প্রচার চালান। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মশিউর রহমান খান ফকিরহাট উপজেলায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাগেরহাট সদর এলাকায় প্রচারণা চালান। জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত কচুয়া উপজেলায় এবং ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ আতিয়ার রহমান বাহেরহাট পৌরসভায় সমাবেশ ও গণসংযোগ করেন।
বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম মোংলা এলাকায় প্রচার চালান। জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ রামপাল উপজেলায় দিনভর ভোটারদের কাছে নিজের অবস্থান তুলে ধরেন।
বাগেরহাট-৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে মোরেলগঞ্জ এলাকায় এবং জামায়াতের প্রার্থী মো. আব্দুল আলীম শরণখোলা উপজেলায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটান।
শেষ সময়ে প্রার্থীদের এমন সরব উপস্থিতিতে জেলাজুড়ে নির্বাচনি পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
বিডি-প্রতিদিন/এমই