দিনাজপুরের নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রবিবার দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দিনাজপুর জেলা ইউনিট সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী মঙ্গলীয়া এবং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম।
সভায় নবাবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ডা. জাহিদ হোসেন বলেন, ইতিহাসই নির্ধারণ করবে কার অবস্থান কোথায়। নিজের ঢোল নিজে পেটালে লাভ নেই। মুক্তিযোদ্ধারা জাতির গর্ব ও অত্যন্ত সম্মানিত মানুষ। তারা দেশের পক্ষের মানুষ। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশপন্থী শক্তির বিজয় হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে প্রতিষ্ঠিত। বাংলাদেশ সবার—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ও সাঁওতালসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেই এ দেশ গড়তে চায়। মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করার কোনো সুযোগ নেই।
সভা শেষে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।
বিডি-প্রতিদিন/সুজন