শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বরিশাল-২ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ও বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বাদল।
রবিবার বেলা ১১টায় উজিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম করিম খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বরিশাল-২ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ও বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী হিসেবে মোটর গাড়ি প্রতীকের প্রার্থী ছিলেন আবুল কালাম আজাদ বাদল। প্রার্থী হিসেবে আসনের বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় নির্বাচনী কার্যক্রমে নেতাকর্মীসহ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগ করেছেন। কিন্তু গত ৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছেন। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। অসুস্থতার কারণে নির্বাচনী কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। তাই নির্বাচন থেকে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন। এ জন্য যুক্তফ্রন্ট সমর্থিত নেতাকর্মী ও আত্মীয়-স্বজনের কাছে দুঃখ প্রকাশ করে সকলকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে প্রার্থী আবুল কালাম আজাদ বাদল বলেন, আমি অসুস্থ। চিকিৎসক আমাকে তিন মাসের বিশ্রাম দিয়েছে। এই মুহূর্তে নির্বাচন চালিয়ে যাওয়ার অবস্থায় আমি নেই। তাই যুক্তফ্রন্টসহ নেতৃবৃন্দদের সাথে আলোচনার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছি।
বিডি-প্রতিদিন/বাজিত