সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ–২ (সদর–কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মুক্তিযুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট ছিল, আর জামায়াতে ইসলামী সেই সময় বিরোধিতা করেছে। তিনি অভিযোগ করেন, জামায়াত এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
রবিবার বিকেলে শহরের চররায়পুর, রায়পুর, মাহমুদপুর ও মাসুমপুর এলাকায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জামায়াত ভোট কারচুপির উদ্দেশ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে এবং ভোট কেনার জন্য বিকাশ নম্বর নিচ্ছে—এমন অভিযোগ তিনি পেয়েছেন। তিনি ভোটারদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
ধর্ম নিয়ে রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ইসলাম ধর্মে স্পষ্টভাবে ধর্মকে ব্যবহার করে বাড়াবাড়ি না করার নির্দেশনা রয়েছে। অথচ জামায়াত ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, যা সমাজে বিভেদ সৃষ্টি করছে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে টুকু বলেন, দীর্ঘ সময় ধরে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। বেগম খালেদা জিয়া ভোটের পরিবেশ দেখে যেতে পারেননি—এ বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ধানের শীষ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শের প্রতীক। এটি রক্ষার দায়িত্ব ভোটারদের।
নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং চাকরি পাওয়ার আগ পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। পাশাপাশি নারী সদস্যদের পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।
গণসংযোগ ও জনসভায় বিএনপির স্থানীয় নেতা নাজমুল হাসান তালুকদার রানা, সেলিম ভুইয়া, মুন্সী জাহিদ আলম, আব্দুর রাজ্জাক বাবু, হেদায়েত আলম ফ্রুটসহ দলীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন