আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে ফুলপুর-তারাকান্দা উপজেলাকে উন্নয়নের ধারায় ফিরিয়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মোতাহার হোসেন তালুকদার।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির এই প্রার্থী বলেছেন, নির্বাচনে আপনারা আমাকে জয়ী করতে পারলে জনগণ এই এমপি’কে কাছে পাবে। জনগণ দুর্দিনে-দুঃসময়ে এই মোতাহার হোসেন তালুকদারকে পাশে পাবে। আপনারা আমাকে মোবাইলে পাবেন। আপনারা আমাকে সামনাসামনি পাবেন। সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আমরা ফুলপুর-তারাকান্দাকে উন্নয়নের ধারায় ফিরিয়ে নিয়ে আসব।
রবিবার বিকেলে তারাকান্দা উপজেলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মোতাহার হোসেন।
বিএনপির এই প্রার্থী বলেন, বিএনপি আপনাদের ভোটে আল্লাহর অশেষ রহমতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে এই বিএনপি ইসলামের পক্ষে এবং নবী করিম (সা.) এর ন্যায় পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত