নদীভাঙন, তাঁত, দুগ্ধ ও বেকার সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শাহজাদপুরে প্রথম কাজ হবে এসব দীর্ঘদিনের সংকট নিরসন।
রবিবার বিকেলে শাহজাদপুর উপজেলার খুকীন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ড. এম এ মুহিত।
ড. মুহিত বলেন, বিএনপির মূল লক্ষ্য একটি আধুনিক, সুখী-সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে নারী-পুরুষ সমানভাবে অংশ নেবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারীদের স্বাবলম্বী করতে চালু করা হবে ফ্যামিলি কার্ড।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষিনীতি অনুসরণ করে কৃষি বিপ্লব ঘটাতে কৃষি কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশকের সুবিধা দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। বিএনপির ৩১ দফাসহ দলীয় ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও করেন তিনি।
দুর্নীতির প্রসঙ্গ টেনে ড. মুহিত বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে। তাঁর বাবা প্রয়াত ডা. আব্দুল মতিন শাহজাদপুরসহ দেশের মানুষের সেবায় নিবেদিত ছিলেন এবং কখনো দুর্নীতির সঙ্গে জড়াননি। তিনি নিজেও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, একজন চিকিৎসক হিসেবে গত ১৭ বছর নানা প্রতিকূলতার মধ্যেও শাহজাদপুরের মানুষের পাশে ছিলেন। প্রতিবন্ধী শিশুদের হুইলচেয়ার বিতরণ, বিনা মূল্যে চিকিৎসা ও চক্ষুসেবাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি।
জনসভায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন