মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুন বলেছেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ভোটাধিকার নষ্ট হতে দেওয়া হবে না। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রবিবার মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ অরুন জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর উদ্দেশে বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষ যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে, তা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার ওপর তাদের আস্থা রয়েছে। মেহেরপুরের বর্তমান প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা করে জেলাকে নির্বাচনের পথে এগিয়ে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মেহেরপুরবাসীর ভোটাধিকার যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে। তাই সবাইকে ভোট দিতে হবে এবং ভোট পাহারা দিতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র হলে ভোটকেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে মাসুদ অরুন অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং অঙ্গীকার করেন, ভবিষ্যতে মেহেরপুরে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি আর চলবে না।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, আনছারুল হক, ইলিয়াস আলী, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন