গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুগপৎ আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করার বিকল্প নেই।
আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুরে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি তার বক্তব্যে আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠিত হলে বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করে রাষ্ট্র সংস্কার, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে। তিনি নতুন প্রজন্মের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
তিনি ভোটারদের উদ্দেশ্যে মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের একটি ভোটই পারে এলাকার উন্নয়ন, শান্তি ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে। তাই উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে মাথাল মার্কাকে বিজয়ী করুন।
এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একেএম মূসা, সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসাসহ উপজেলা বিএনপি, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল এবং কেন্দ্রীয় গণসংহতি আন্দোলন ও উপজেলা গণসংহতি আন্দোলন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিডি প্রতিদিন/হিমেল