নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটা দলের সবাই খারাপ হয় না।
রবিবার বিকেলে কুমিল্লা সদর উপজেলার কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর নির্বাচনি প্রচারের অংশ হিসেবে সমাবেশটি আয়োজন করা হয়।
তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা গুরুত্ব দিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে মনিরুল হক চৌধুরী নির্বাচনি ইশতেহারে আইটি ভিলেজ স্থাপনের কথা বলেছেন যা অত্যন্ত আশা জাগানিয়া।
তিনি আরো বলেন, মনিরুল হক চৌধুরী তার পরিকল্পনায় কোনো বৈষম্য করেননি। তিনি মুসলমানদের গোরস্তানের উন্নয়নের কথা বলেছেন, ঠিক তেমনিভাবে সনাতন ধর্মে মানুষের জন্য উন্নত শ্মশানের কথাও বলেছেন। খ্রিষ্টানদের চার্চে উন্নয়নের কথা বলেছেন। তিনি ত্রিপুরা সম্প্রদায় সংরক্ষণের কথাও পরিকল্পনায় উল্লেখ করেন।
নির্বাচনের দিন পোলিং এজেন্টের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মহিলা ভোটারদের মুখমণ্ডল প্রদর্শন করতে হবে। ভোটের দিন কেউ যেন ধর্মের দোহাই দিয়ে কোনো ঝামেলা সৃষ্টি না করে, আপনাদের কাছে সে আহ্বান থাকবে।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশে এখনও সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে বিএনপির যে জাতীয় কাউন্সিল হয়েছিল, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা স্লোগান নির্ধারণ করেছিলেন— ‘নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত’। বিএনপি আজও সেই ধারার মধ্যেই আছে।
সমাবেশে কুমিল্লা কোটবাড়ি কালির বাজার ও লালমাই পাহাড় অঞ্চলকে নিয়ে মনিরুল হক চৌধুরীর প্রস্তাবিত আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটির ধারণা উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। উপস্থিত সবাইকে স্যাটেলাইট সিটির অডিও ভিজুয়াল প্রস্তাবনা প্রদর্শন করা হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী। অতিথি ছিলেন দলের কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু।
এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী মো. তাজুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কালীর বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেনসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই