পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, ‘বেগম খালেদা জিয়া আজ বেঁচে নেই, কিন্তু কলাপাড়ার মানুষ, রাঙ্গাবালীর মানুষ কখনো তাকে ভুলতে পারবে না।’
রবিবার বিকালে কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে নির্বাচনি এক জনসভায় তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘কুয়াকাটা সড়ক পথের তিনটি ব্রিজে যখন উঠবেন তখন খালেদা জিয়ার নাম মনে পড়বে। কলাপাড়া হাসপাতালে যখন যাবেন, তখনও মনে করতে হবে। কলাপাড়ায় ফায়ার সার্ভিস ছিল না বেগম জিয়া ফায়ার সার্ভিসও গড়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘দেশকে কীভাবে একটি উন্নত বাংলাদেশে পরিণত করা যায়, সেক্ষেত্রের প্রতিটি বিষয়ে বিএনপি আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছে।’
এ সময় তিন আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
কলাপাড়া পৌর বিএনপি আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক। এতে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুসহ বিএনপি নেতারা বক্তব্য রাখেন।
এর আগে আনন্দঘন পরিবেশে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা।
বিডি-প্রতিদিন/এমই