ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, আমরা আপনাদের সঙ্গে আছি, বিএনপি আপনাদের পাশে আছে। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন। কেউ চাঁদা চাইলে প্রতিবাদ করবেন। আপনারা মাথা উঁচু করে নিরাপদে ভোট দেবেন এবং সম্মানের সঙ্গে বসবাস করবেন।
সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ কালিবাড়ি নাটমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. উমেশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট ও হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে ডা. উমেশ চন্দ্র সরকার বলেন, যে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে, তাদের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে বিএনপি। এসময় সভাস্থলে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।
মতবিনিময় সভা শেষে আফরোজা খানম রিতা দলীয় নেতাকর্মীদের নিয়ে পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ