কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে নির্বাচনি গণসংযোগে ব্যস্ত দিন পার করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আসনটির প্রার্থী আবদুল্লাহ আল কাফি রতন। রবিবার আসনের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন তিনি।
এছাড়া গত তিনদিন তিনি কান্দুঘর, মাধবপুর, মীরপুর, মকিমপুর, ষাইটশালা, জামতলা, দুলালপুর, শিদলাই, মহালক্ষীপাড়া, ষোলনল ও সাহেবাবাদসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ করেছেন তিনি।
জনসংযোগের সময় আবদুল্লাহ আল কাফি রতন বলেন, ‘দুর্নীতিমুক্ত সোনার বাংলা গঠনের লক্ষ্যই আমার প্রধান নির্বাচনি অঙ্গীকার। দেশ থেকে দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হলে প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা যাবে। বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের তরুণ-তরুণীরা দেশে-বিদেশে পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। কিন্তু অসৎ রাজনীতিক, দুর্নীতিবাজ আমলা ও লুটেরা ধনীতান্ত্রিক চক্র তা বিদেশে পাচার করছে। যার ফলে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে সোনার বাংলা কায়েম করা আমার মূল লক্ষ্য।’
গণসংযোগে অংশগ্রহণ করেন সিপিবি কেন্দ্রীয় নেতা আসলাম খান, সিপিবি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক অশোক দেব, কৃষক নেতা কাজী নূর আহমেদ, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলার সাবেক সভাপতি ও সিপিবি নেতা শেখ আবদুল মান্নান, সিপিবি নেতা গনেষ ভট্টাচার্য, কৃষক নেতা আবদুল ওহাবসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই