সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেছেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের স্মরণীয় নির্বাচন। কোনোভাবেই আমানতের খেয়ানত করা যাবে না। আমাদের কাছে সব প্রার্থী সমান। কারও প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। জনগণ যাকে পছন্দ করবে, তিনিই নির্বাচিত হবেন।’
রবিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিসি সারওয়ার আলম আরও বলেন, ‘জনগণ যেন স্বাধীন ও সঠিকভাবে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারে, সে জন্য আমাদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে যেন কোনো ধরনের প্রশ্ন ওঠার সুযোগ না থাকে, সে বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার কাজী আখতারউল আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার, বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্বনাথ ক্যাম্প কমান্ডার মেজর ইনতিসার শামসাদ ও বিজিবির মেজর সাঈফ।
বিডি-প্রতিদিন/এমই