নোয়াখালীর সুবর্ণচর উপজেলাকে পৌরসভা হিসেবে বাস্তবায়ন, সুবর্ণচর রেললাইন স্থাপন এবং চর জব্বর ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান।
রবিবার বিকেলে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহজাহান বলেন, সুবর্ণচরের মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে। ক্ষমতায় এলে পানির সংকট, বিদ্যুৎ ঘাটতি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ এলাকার সার্বিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, সুবর্ণচরের বহু প্রতীক্ষিত পৌরসভা বাস্তবায়ন এই অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে। পাশাপাশি রেললাইন স্থাপন ও চর জব্বর ডিগ্রি কলেজকে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষার মানোন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে।
জনসভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু জনসভা সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ জনসভায় অংশ নেন।
জনসভা শেষে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়। একই সঙ্গে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/সুজন