সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা জেলা জাতীয় সংসদ নির্বাচনের সমন্বয়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, আগে নিজের ভোট নিজে দেবেন, এরপর ভোটকেন্দ্র পাহারা দেবেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, ১৭ বছর নানা অপশাসন পেরিয়ে দেশের মানুষ আজ মুক্তভাবে নিশ্বাস নিচ্ছে। আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে ধানের শীষে ভোট দিন। দেশের ভোটাররা ধানের শীষকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু যারা দেশের মানচিত্র চায়নি তারা নির্বাচন বানচাল করতে উঠে-পড়ে লেগেছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সুযোগ পেলে তারা '৭১ এর ইতিহাস ভুলিয়ে দেবে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করুন। তাহলেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মিন্টুর পরিচালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের ধানের শীষের এমপি প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মজিবুর রহমান মজু, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।
এসময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কুমিল্লা-৫ আসনের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ