বরিশাল-৫ ও ৬ আসনের প্রত্যেকটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সব ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন এই দুই আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম। রবিবার বিকালে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে গণমিছিল শুরুর আগে এক বক্তব্যে তিনি এ দাবি করেন।
মুফতি ফয়জুল করিম বরিশালবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তারা তাকে কখনো পরীক্ষা করে দেখেননি, বরং অন্যদের বারবার পরীক্ষা করেছেন এবং তারা বারবার ব্যর্থ হয়েছেন। তিনি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে একবার তাকে পরীক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, যদি তিনি ব্যর্থ হন, তবে দ্বিতীয়বার আর ভোট চাইতে আসবেন না।
নির্বাচিত হলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানিয়ে তিনি বলেন, তার প্রথম কাজ হবে দুর্নীতিমুক্ত সমাজ গড়া। একই সঙ্গে চাঁদাবাজদের কবর রচনার কথাও বলেন মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম।
এ সময় তিনি আরও বলেন, যারা অন্যায় করেননি, তারা ১২ তারিখের ভোটে জয়ী হলে ১৩ তারিখ থেকে বাসায় ঘুমাতে পারবেন। প্রশাসনের সঙ্গে বসে সে ব্যবস্থা করা হবে এবং প্রশাসন কেউ ডিস্টার্ব করতে পারবে না। নির্বাচিত হলে তিনি মুসলমান, হিন্দু, বৈদ্য ও খ্রিষ্টানদের পক্ষেই কথা বলবেন বলেও জানান।
সভায় হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি বক্তব্য দিয়ে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। সভা শেষে নগরীতে গণমিছিল অনুষ্ঠিত হয়, এতে নেতৃত্ব দেন মুফতি ফয়জুল করিম।
বিডিপ্রতিদিন/কবিরুল