চাঁদপুর জেলা মহিলা দলের আয়োজনে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের পৌর পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
তিনি বলেন, ‘আপনারা ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন। আগে ভোট ছাড়া হেতেরা এমপি, মন্ত্রী, মেয়র হয়েছে। আমরা সেটা চাই না।আমরা চাই জনগণ ১২ তারিখ ভোট দিবেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহম্মেদ মানিককে জয়যুক্ত করবেন। আপনারা জানেন হাসিনা সরকার আমাদের নেত্রীর ওপর কি নির্যাতন চালিয়েছিল। কিন্তু আল্লাহর কি খেলা ৩২ নাম্বারে ইট পর্যন্ত জনগণ খুলে নিয়েছে। আর আমাদের নেত্রীর জানাজায় লাখো মানুষ হয়েছে। দেশের মাটিতে সমাধিত হয়েছে। এই যে দিপু মনিরা ভেবেছিল তারা আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু আজকে তারা পালিয়ে যেতে হয়েছে।’
রেহানা আক্তার আরও বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমান শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের উপর আস্থা রেখেছে। আপনারাও আস্থা রাখতে হবে। আজ জামাতের মাথা খারাপ হয়ে গেছে। অথচ এই জামাতের আমিরের ৩ বার জামানত বাজেয়াপ্ত হয়েছে। শিবির হচ্ছে রগকাটা দল। যারা জান্নাতের টিকেট বিক্রি করে তাদের কাছে আমি জানতে চাই আপনাদের টিকেট কনফার্ম হয়েছে কিনা।’
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের স্ত্রী মনিরা আহমেদ। জেলা মহিলা দলের সভাপতি এড. মনিরা চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. শিরিন সুলতানা মুক্তার পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা, শেখ ফরিদ আহমেদ মানিকের কন্যা ফারিসা আহমেদ মানহা, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, জেলা মহিলা দলের সহ সম্পাদিকা নাইমা রহমান, বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলামের মাও: হাসান আহমেদ, ফারজানা আক্তার লাকি, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক এড. সেলিনা সুলতানা সুপ্তা, সদর থানা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার শানু, শহর মহিলা দলের সভাপতি জোহরা আহমেদ হিরা সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতুসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক