পোস্টাল ব্যালটে নাম ও প্রতীক না থাকার অভিযোগে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) জাকির হোসেন প্রধানীয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি ওই আসনের নির্বাচন স্থগিতের দাবিও জানান।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাজীগঞ্জ বাজারে নার্গিস ফুড ভ্যালুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে জাকির হোসেন প্রধানীয়া জানান, পোস্টাল ব্যালটে তার নাম ও নির্বাচনী প্রতীক অন্তর্ভুক্ত না করায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। এই কারণে বাধ্য হয়ে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রার্থীর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আওলাদ হোসেন প্রধানীয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদ মিয়া, নার্গিস ফুডের ম্যানেজার মো. ফারুক হোসেন মজুমদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/কেএইচটি