ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনের তিনটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে করে পৌঁছানো হয়েছে।
সোমবার দুপুরে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট তিনটি কেন্দ্রে এসব নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়।
লক্ষীছড়ি ও দীঘিনালা সেনা জোনের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে দুর্গম এসব কেন্দ্রে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়।
খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন এবং মোট ভোটকেন্দ্র ২০৩টি। এবারের নির্বাচনে এ আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্প্রতি চারজন প্রার্থী জেলার ১২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে ‘রেড মার্ক’ হিসেবে চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন।
বিজিবি সূত্র জানায়, খাগড়াছড়ি আসনে ১৯ প্লাটুন এবং রাঙামাটি আসনের কিছু অংশে ১১ প্লাটুন বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী দুর্গম ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কার্যক্রম চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল