মাদারীপুর-৩ আসনে নির্বাচনী মাঠে ভিন্নধর্মী রাজনৈতিক বার্তা দিয়েছেন ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম। তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়ে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার সকালে কালকিনি কলেজ রোডে স্থানীয় জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কৃতজ্ঞতা জানান।
মাওলানা রফিকুল ইসলাম বলেন, তিনি বিএনপি প্রার্থী খোকনকে ধন্যবাদ জানান। তাদের মধ্যে এই বিষয়ে ঐকমত্য হয়েছে যে, মাদারীপুর-৩ আসনের ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—সে পরিবেশ নিশ্চিত করতে তাঁরা চেষ্টা করবেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা ও প্রশাসনের কিছু কার্যক্রমে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষতা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জানান, বিগত নির্বাচনের অভিজ্ঞতার আলোকে কিছু ভোটকেন্দ্রকে ভোটাররা ঝুঁকিপূর্ণ মনে করছেন। ওই কেন্দ্রগুলোর একটি তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা আমির মাওলানা মোকলেছুর রহমান, কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, প্রধান এজেন্ট প্রফেসর জামান মিয়া, কালকিনি উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হোজায়ফা মোল্লা, ডাসার উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেত্রী মোর্শেদা কনা, জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি রিফাত হোসেন এবং কালকিনি পৌরসভার নায়েবে আমির মাওলানা এস এম শাহ আলম।
বিডি-প্রতিদিন/সুজন