বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে প্রায় ২০০ সাইকেল নিয়ে র্যালি করেছে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহরের প্রধান সড়কে সাইকেল নিয়ে এ প্রচারণা চালানো হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্যরা নির্বাচনি প্রচারণায় এ কর্মসূচির আয়োজন করেন। সাইকেল র্যালিটি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বের হয়। এরপর সার্কিট হাউস, সাতমাথা, আজিজুল হক কলেজ হয়ে আবার আলতাফুন্নেছা মাঠে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, বিশ্বব্যাপী সাইকেল র্যালি সাধারণত সামাজিক সচেতনতা ও পরিবেশ রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেয়া হয়। বগুড়া সদর আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ নির্মাণে পরিবেশে উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তার এই বার্তাকে সামনে রেখে সাইকেল র্যালির আয়োজন করা। গত দুদিন আগে এ উপলক্ষে নিবন্ধন শুরু হয়। এতে ২৫০ জন মানুষ নিবন্ধন করেন। এর মধ্যে শিক্ষার্থীরা বেশি বলে জানান আয়োজকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সহ-সভাপতি ও ফলিত রসায়নের সাবেক শিক্ষার্থী মোসাদ্দেক রহমান সৌরভ জানান, তারেক রহমান বগুড়ার সন্তান। দীর্ঘদিন পর বগুড়ায় এসে এই আলতাফুন্নেছা মাঠে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাঁর পরিবেশ সংরক্ষণ নিয়ে যে পরিকল্পনা রয়েছে বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি উন্নয়ন করবে তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে এ সাইকেল র্যালির আয়োজন।
সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান শাকিল, ছাত্রদল নেতা মিনার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব নাফী, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইচএম সাব্বির প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল