সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় ঋণ ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ দাখিল করেছে বিএনপি।
সোমবার দুপুরে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগটি দায়ের করেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
দাখিলকৃত অভিযোগে তথ্য গোপনের দায়ে জামায়াত প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল ও আইননানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান দাখিলকৃত হলফনামায় তিনি অনেক তথ্য গোপন করে দাখিল করেছেন। হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল-কারামা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের শেয়ার হোল্ডার। তবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এই তথ্য উল্লেখ করেননি।
এছাড়া ইবনে সিনা হাসপাতালের ২৪ কোটি ১ লাখ ২৭ হাজার ৪৮ টাকা টাকার ঋণ অনাদায়ি রয়েছে, যা হলফনামায় প্রকাশিত হয়নি। এসব তথ্য হলফনামায় আইনগতভাবে বাধ্যবাধকতা থাকলেও জামায়াত প্রার্থী তা গোপন করেছেন।
রেজাউল হাসান কয়েস লোদী অভিযোগ দাখিলের সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াত প্রার্থী হাবিবুর রহমানের হলফনামায় তথ্য গোপন করে রেখে প্রতারণা করেছেন। সেই সাথে আইনলঙ্ঘন করেছেন। এজন্য তার মনোনয়ন বাতিলের পাশাপাশি তার বিরুদ্ধে তথ্য গোপন করায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অভিযোগ দাখিল করেছি।
বিডি প্রতিদিন/একেএ