সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনের প্রতিষ্ঠানের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নাসিম হোসাইনের প্রতিষ্ঠানের কর্মীরাও রয়েছেন। তারাও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
গতকাল দুপুরে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নয়জনকে গ্রেপ্তারের তথ্য জানায় সিলেট মহাগর পুলিশ (এসএমপি)। গ্রেপ্তারা হলেন সিলেটের দক্ষিণ সুরমার শেখপাড়ার শাহেদ আহমদ (৪২) ও রোমান আহমদ (৪৪), কানাইঘাটের আদনান (৩৮), জুনায়েদ (২২) ও আবু তাহের (২৬), জকিগঞ্জের রূপায়ণ বিশ্বাস (৪০), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং মৌলভীবাজারের কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), রাজনগরের সালমান আহমদ (২৮)। গ্রেপ্তারদের মধ্যে শাহেদ আহমদ বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার, আদনান, আবু তাহের ও রূপায়ণ বিশ্বাস ডিএসও। জানা গেছে, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর। ব্যাংক বন্ধ থাকায় শুক্রবার সকালে নিজের এই কর্মীদের দিয়ে ফেঞ্চুগঞ্জসহ ওই এলাকার ব্যবসায়ীদের দিতে ৮১ লাখ ৮২ টাকা নিয়ে প্রাইভেটকারে করে পাঠান নাসিম। এরপর দক্ষিণ সুরমার পারাইচকে ছিনতাইকারীরা ৫০ লাখ ৫৭ হাজার টাকা লুটে নেয় বলে অভিযোগ করেন তিনি। পুলিশ জানায়, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে পারাইরচক লালমাটিয়া এলাকায় পৌঁছলে তিনজন আরোহীর একটি মোটরসাইকেল বিকাশের টাকা বহনকারী গাড়িটিকে থামার সংকেত দেয়। তখন ড্রাইভার গতি কমালে মোটরসাইকেল আরোহীরা গাড়িটি থামিয়ে ভয়ভীতি, হুমকি প্রদর্শনসহ একজনকে মারপিট করে পাঁচটি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে জানানো হয়, অভিযোগ রয়েছে, গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতির ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও গাড়ির গতি কমিয়ে টাকা ডাকাতির সুযোগ সৃষ্টি করেন। এ ছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্য রোমান আহমদ, সালমান আহমদ, গোলাম শহীদ ও জুনায়েদ ঘটনার সময় গাড়ির সঙ্গে ছিলেন না, যা সন্দেহের সৃষ্টি করে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত ডাকাতদের সঙ্গে আঁতাত করে টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে অগ্রিম তথ্য সরবরাহের মাধ্যমে টাকা ডাকাতির ঘটনায় বিকাশের কর্মীরা জড়িত থাকতে পারেন। এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম জানান, টাকা লুটের ঘটনায় মোগলাবাজার থানা পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।