সিডনির মিন্টোতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাপ্পী এন্ড সাকিলা ফাউন্ডেশন বিডি হাব চাঁদ রাত মেলা’। ঈদুল ফিতর উপলক্ষে ১৫ মার্চ মিন্টোর ৩৭–৪১ লিংকন স্ট্রিটে বিডি হাব সিডনির উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।
সকাল ১১টায় শুরু হওয়া মেলায় ৫০টিরও বেশি স্টলে বাহারি পোশাক, গহনা, মেহেদি ও বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয়। ছিল একাধিক ফুড ট্রাক। শিশুদের জন্য ফেস পেইন্টিংসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও রাখা হয়। সন্ধ্যার পর মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
ইফতার ও নামাজের পর সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। ড. রতন কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তহমিদ রহমান। ক্যাম্পবেলটাউনের আল-ফয়সাল কলেজের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করে এবং কয়েকটি নাশিদ পরিবেশন করে। পরে বাংলাদেশ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে যায়।
বিডি হাব সিডনির সভাপতি আবদুল খান রতন স্বাগত বক্তব্যে বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ড। তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগের প্রশংসা করেন এবং অনুষ্ঠানের বিভিন্ন স্পন্সরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাককোয়ারি ফিল্ডসের সংসদ সদস্য ও নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রী আনোল্যাক চানথিভং। তিনি বলেন, বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে।
এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়েরিওয়া আসনের সংসদ সদস্য অ্যান স্ট্যানলি এবং লেপিংটন আসনের সংসদ সদস্য নাথান হ্যাগার্টি। তারা বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে ক্যাম্পবেলটাউন ও ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর, বিভিন্ন সংগঠনের নেতা, কমিউনিটি ব্যক্তিত্ব ও গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
রাত ৮টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের পরিবেশনায় অংশ নেন ইমরান হোসাইন, নিলুফা ইয়াসমিন, মারিয়া মুন, নাজ আহমদ, মধুমিতা সাহা, নমিতা চৌধুরী, অনুলেখা পান্ডিত সুইটি, রত্না কর তুলী, শ্যামলী দেবরয় ও সামির রোজারিওসহ অনেকে। নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমি এবং নাটক মঞ্চস্থ করেন পলি ফারহাদ ও সায়েদ আজিম চঞ্চল।
অনুষ্ঠানের শেষপর্বে সভাপতি আবদুল খান রতন ও সাধারণ সম্পাদক সৈয়দ রহমান মিঠু অতিথি, স্পন্সর ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ঈদকে সামনে রেখে আয়োজিত এ চাঁদ রাত মেলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি কমিউনিটির ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে।
বিডি-প্রতিদিন/জামশেদ