তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের শুরুতে রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দূতাবাস মিলনায়তনে শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরিত মহান স্বাধীনতা দিবসের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অত:পর দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান।
আলোচনা তিনি বলেন, ১৯৭১ এর এই দিনে যে স্বাধীনতার নবীন সূর্য উদিত হয়েছিলো, তার আভায় উচ্ছ্বসিত ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা স্ব স্ব ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখে বাংলাদেশকে আরও গৌরবময় ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবো।
সবশেষে, রাষ্ট্রদূত তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা মা বোনদের অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং স্বাধীনতার মূল লক্ষ্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করা এবং জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা বলে উল্লেখ করেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রবর্তন করেন এবং এর আলোকে প্রতিবেশী দেশসমূহ এবং আন্তর্জাতিক পর্যায়ে সকল দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাস্তববাদী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রেখে বৈশ্বিক পরিসরে শান্তি, সহযোগিতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
পরিশেষে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত তাঁর বক্তব্য শেষ করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ