১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ এবং স্বাধীনতা যুদ্ধে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে কানাডার টরন্টোতে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) রাত ৯টায় ড্যানফোর্থ এভিনিউ’তে এ কর্মসূচি পালন করা হয়।
টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান খান, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য মুঞ্জলী কাজী, গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমেদ, সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন, সাংবাদিক শওগাত আলী সাগর, সাবেক ছাত্র নেতা ফায়জুল করিম, কবি দেলওয়ার এলাহী এবং টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল।
সভায় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগ আমাদের একটি স্বাধীন দেশ এনে দিয়েছে। দেশের ও দেশের মানুষের জন্য তাদের অবদান অনন্তকাল ইতিহাসের পাতায় লেখা থাকবে।
সেই সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে উপস্থিত বক্তারা স্বাধীনতা যুদ্ধে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান।
সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানটি সঞ্চলনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।
বিডি প্রতিদিন/কামাল