মরিশাসের পোর্ট লুইসসের বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
২৬ মার্চ ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাসের রাষ্ট্রপতি ধর্মবীর গোখুল, জি.সি.এস.কে। এছাড়া উপ-রাষ্ট্রপতি জেঁ ইভান রবার্ট হাংলি এবং পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুলসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। হাই কমিশনার ড. জকি আহাদ অতিথিদের স্বাগত জানান।
সংবর্ধনা স্থলটি বর্ণিল আলোকসজ্জা, ব্যানার ও পোস্টারে সাজানো হয়। শুরুতে রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণের মঙ্গল কামনায় টোস্ট প্রস্তাব করেন। জবাবে হাই কমিশনার মরিশাসের জনগণের জন্য শুভকামনা জানান। পরে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করে মরিশাস পুলিশ ব্যান্ড।
অনুষ্ঠানে হাই কমিশনার বক্তব্য দেন এবং “নতুন সূর্য” শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। আনুষ্ঠানিক পর্ব শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
হাই কমিশনার তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, দেশটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি এবং ভবিষ্যতে ‘এশিয়ান টাইগার’ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও উল্লেখ করেন।
মরিশাসে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে তিনি দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের সহযোগিতার কথাও তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/সুজন