কাঠমান্ডুর র্যাডিসন হোটেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।
গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে নেপালের উপ-রাষ্ট্রপতি রামসহায় প্রসাদ যাদব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধান, মন্ত্রীপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও থিঙ্ক-ট্যাঙ্কের প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় নেপাল সরকার ও জনগণের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’র নেতৃত্বে নবগঠিত সরকারকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। পাশাপাশি দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও অতিথিদের অবহিত করেন।
অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানের পক্ষে সমর্থন কামনা করা হয় এবং তার প্রোফাইল উপস্থাপন করা হয়।
বক্তব্য শেষে প্রধান অতিথি ও রাষ্ট্রদূত যৌথভাবে কেক কেটে দিবসটি উদযাপন করেন এবং টোস্ট বিনিময় করেন। পরে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়।
বিডি-প্রতিদিন/সুজন