মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ এবং পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি ও আনুষঙ্গিক ব্যয়ের হার পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন করে কিছু ক্ষেত্রে সম্মানির হার বাড়ানো হয়েছে এবং কিছু নতুন খাত সংযোজন করা হয়েছে। আবার কয়েকটি খাতে আগের হার বহাল রাখা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার অর্থ বিভাগ পরিপত্র জারি করেছে। একই সঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের ২০২৫ সালের ২০ অক্টোবরের ৩৩০ নম্বর স্মারক বাতিল করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানি আগের মতোই ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতি সভার জন্য জনপ্রতি ৬ হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের প্রতিদিনের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা প্রদান করা হবে। আগেও এ দুটি ক্ষেত্রে একই হার নির্ধারিত ছিল।
আগের মতো উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৩০ টাকা এবং পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৫ টাকা করে সম্মানি দেওয়ার বিধান করা হয়েছে।
লিখিত, ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়ন ব্যয় সরকারের সর্বশেষ নির্দেশনা ও ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬’ অনুসারে নির্বাহ করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য হলে দুপুর বা রাতের খাবারের ব্যয় ওই নির্দেশনা অনুযায়ী প্রদান করা যাবে এবং নাশতার জন্য দৈনিক সর্বোচ্চ দুবার ব্যয় করা যাবে।
পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীদের প্রতিদিনের সম্মানি আগের মতোই গ্রেডভেদে নির্ধারণ করা হয়েছে। তবে সম্মানির হার বাড়ানো হয়েছে। এর মধ্যে নবম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা পাবেন ১ হাজার ৮০০ টাকা, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা। দশম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা পাবেন ১ হাজার ২০০ টাকা, যা আগে ছিল ১ হাজার টাকা। আর ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ১ হাজার টাকা, যা আগে ছিল ৮০০ টাকা।
খাতা পুনর্মূল্যায়নের জন্য আগের মতোই প্রতিটি খাতায় ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা তার মনোনীত একজন সমন্বয়কারী সম্মানি হিসেবে পাবেন ৩ হাজার ৫০০ টাকা।