নরসিংদীর মনোহরদীতে অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মনোহরদী অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও গাছের চারা তুলে দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির। বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডা. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাইমিন আল জিহান, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্যসচিব আবদুল হান্নান এবং মনোহরদী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাবুল মোল্লা। উপকারভোগীরা জানান, বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি সেলাই মেশিন পাওয়ায় তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আয়-রোজগারের একটি স্থায়ী মাধ্যমের অপেক্ষায় থাকা নারীরা এ উদ্যোগকে নিজেদের জীবনের নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন। উপকারভোগী আছিয়া আক্তার বলেন, এই সেলাই মেশিন কাজে লাগিয়ে তিনি নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে চান। তিনি বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, সারা দেশের মতো নরসিংদীর তৃণমূল পর্যায়েও বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। এর আগে শিবপুর ও মনোহরদীতেও সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা এবং পারিবারিক আয়ের নতুন সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজ বাড়িতে কিংবা ছোট পরিসরে সেলাইয়ের কাজ শুরু করে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ভবিষ্যতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি হবে। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, একটি সুন্দর সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। বসুন্ধরা শুভসংঘ সেই দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সেলাই মেশিনের পাশাপাশি গাছের চারা বিতরণের উদ্যোগ পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।